আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধে বিদেশি স্থল সেনা প্রেরণ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ। বৃহস্পতিবার জার্মান গণমাধ্যম হান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতা দিয়েছেন বলে জানায় আল জাজিরা।
হান্ডেলসব্লাটকে মেদভেদ বলেন, সিরিয়াতে স্থল সৈন্য প্রেরণ করলে সব পক্ষই যুদ্ধে জড়িয়ে পড়বে। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। সিরিয়াতে স্থল সেনা পাঠাতে সৌদি আরবের ঘোষণা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং আমাদের আরব অংশীদারদের বিবেচনা করে দেখা উচিত- তারা একটি স্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চায় কি না।
রুশ প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের প্রতি প্রচ্ছন্ন সতর্কতা বলে জানিয়েছে আল জাজিরা। সিরিয়াতে স্থল সেনা প্রেরণের ব্যাপারে যেকোনো দেশকে আর সামনে না এগুনোর কথাই মূলত বলতে চেয়েছেন মেদভেদ। আর এ ধরনের কোনো প্রচেষ্টা সেখানে একটি স্থায়ী যুদ্ধ বাধাতে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও ডেকে আনতে পারে।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে স্থল সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলে চলতি মাসের পাঁচ তারিখে এক ঘোষণা দিয়েছিল দেশটি। এর পর একই ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে সৌদি আরবের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরিয়া ও তার মিত্ররা। সৌদি আরবের ঘোষণার প্রতিক্রিয়ায় সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, সিরিয়াতে কেউ সেনা পাঠালে তাদের কফিনে ফেরত পাঠানো হবে।

