আন্তর্জাতিক ডেস্ক : চলে গেলেন প্রখ্যাত উর্দু নাট্যকার ফাতিমা সুরাইয়া বাজিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থার কারণেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় ডন পত্রিকার এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
বিখ্যাত এই নাট্যকারের মৃত্যুর পর তার ভাই আনোয়ার মাকসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বাজিয়া সব ভাই বোনের কাছে মায়ের মত ছিলেন।’
মাকসুদ আরো বলেন, তার মৃত্যুতে শুধু তার পরিবারের সদস্যরাই নয় বরং তার হাজার হাজার ভক্ত আজ অশ্রুসিক্ত। মৃত্যুর সময় বাজিয়ার পাশেই ছিলেন মাকসুদ।
বাজিয়ার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার জোহরের নামাযের পরই তার জানাযার নামায এবং তার দাফন অনুষ্ঠিত হবে।
স্থানীয় টেলিভিশন পিটিভির জন্য অনেক জনপ্রিয় সিরিয়াল লিখেছেন বাজিয়া। এদের মধ্যে শামা (এ. আর. খাতুনের উপন্যাস অবলম্বনে), আফশান, আরোসা, আগাহি এবং জিনাত উল্লেখযোগ্য। এসব সিরিয়াল ছাড়াও অনেক ঐতিহাসিক নাটক, শিশুদের অনুষ্ঠান, নারীদের অনুষ্ঠান এবং অরাকের মত সাহিত্যের বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন বাজিয়া।
নাট্যকার হিসেবে তিনি দেশে বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া জাপান সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি পাকিস্তান-জাপান কালচারাল এসোসিয়েসনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন।

