আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটির (কেএএমসি) স্পেশালিস্ট চিলড্রেন’স হসপিটালে রোববার সিরিয়ার এক জোড়া মাথার যমজ শিশুদের অস্ত্রপচার করে মাথা পৃথক করা হবে। দেশটির অভিজ্ঞ এক দল চিকিৎসক ওই অস্ত্রপচারে অংশ নেবেন বলে জানিয়েছে স্থানীয় আরব নিউজ।
কেএএমসির এক মুখপাত্র জানিয়েছেন, রোববার সিরিয়ার ওই যমজদের চতুর্থ এবং শেষবারের মত অস্ত্রপচার করা হবে। ওই মেয়ে যমজ শিশুদের নাম তুকা এবং এবং ইয়াকিন। ২০১৪ সালের এপ্রিলে তারা জোড়া মাথা নিয়ে জন্মেছিল। তার পর থেকেই তাদের মাথা আলাদা করার জন্য সব ধরনের চিকিৎসার প্রস্তুতি নেয়া হচ্ছিল।
ওই হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি টিম ওই অস্ত্রপচারে অংশ নেবেন। ওই টিমের প্রধান চিকিৎসক ড. আহমেদ আল ফুররায়ান জানিয়েছেন, চারটি ধাপে প্রায় ১২ ঘণ্টা ধরে ওই অস্ত্রপচার চালানো হবে। তিনি জানিয়েছেন এধরনের অস্ত্রপচারে ৬০ শতাংশ সফলতা আশা করা যায়। তবে আশানুযায়ী ভালো ফলাফল অর্জন করতে পারবেন বলে আশা ব্যক্ত করেছেন আহমেদ। তিনি জানিয়েছেন, ওই যমজের মাথা এক সঙ্গে লাগানো। আর এটা আলাদা করাটাই সবচেয়ে কঠিন এবং জটিল কাজ।
২০১৪ সালে ড. রিয়াদ আকেলির অধীনে প্রথম এই শিশুদের অস্ত্রপচার করা হয়েছিল। রোববার ওই শিশুদের অস্ত্রপচার দেশটিতে ১৯৯০ সালের পর ৩৮তম যমজের অস্ত্রপচার হিসেবে গন্য হবে। দেশটিতে যমজদের আলাদা করার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম রয়েছে। তারা অভিজ্ঞতার সঙ্গে গত দুই দশকে ৬৫টিরও বেশি যমজকে আলাদা করতে অস্ত্রপচার করেছেন। এদের মধ্যে ৩০টি অস্ত্রপচার সফল হয়েছে।

