আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের একজন তরুণ সেনা ছিলেন তিনি। যুদ্ধ করতে গিয়ে প্রণয় হয়েছিল ব্রিটিশ এক তরুণীর সাথে, তারপর বিচ্ছেদ। বুধবার প্রায় ৭০ বছর পরে ঐ মার্কিন সেনা পুনর্মিলিত হয়েছেন তার পুরনো প্রেমিকার সাথে।
এই প্রেমিক সেনার নাম নরউড থমাস, বয়স ৮৮ বছর। তার বান্ধবীর নাম জয়েস মরিস, বয়স ৮৮ বছর। বুধবার থমাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে উড়ে চলে যান অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরে। মিলিত হন জয়েসের সাথে, বাহুতে ঘিরে রাখেন তার সুদীর্ঘ কালের প্রেমিকাকে। পুনর্মিলনী সম্প্রচার টিভি চ্যানেল ‘দা প্রোজেক্ট’ এ থমাস বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে অভূতপূর্ব একটা ঘটনা।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডের (১৯৪৪ সালের ৬ই জুন যখন মিত্র বাহিনী একত্রিত হয়ে অভিযান চালায় শত্রুবাহিনীর উপর) অল্প কিছুদিন আগে ২১ বছর বয়সী প্যারাট্রুপার থমাসের দেখা হয়েছিল ১৭ বছর বয়সী ব্রিটিশ তরুণী মরিসের। যুদ্ধ শেষ হওয়ার পরে থমাস যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তখন তারা চিঠি চালাচালি করতেন। থমাস মরিসকে যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণ জানান, কিন্তু মরিস তাকে ভুল বোঝেন। একসময় চিঠি লেখাও বন্ধ করে দেন।
শেষ পর্যন্ত এই দুই প্রেমিক প্রেমিকার বিয়ে হয়েছিল অন্য মানুষের সাথে। থমাসের স্ত্রী ২০০১ সালের মারা যান, এদিকে মরিস তার স্বামীকে ডিভোর্স করে বিয়ের ৩০ বছরের মাথায়। গত বছর থমাস এবং মরিসের মধ্যে আবার যোগাযোগ হয় স্কাইপের মাধ্যমে।
তাদের এই গল্প প্রকাশ হওয়ার পরে হাজার হাজার মানুষ থমাসকে চাঁদা দেন অস্ট্রেলিয়ায় গিয়ে মরিসকে খুঁজে বের করার জন্য। এরকম একটা প্রেমের পরিণতি মানুষ দেখতে চায়। থমাস শেষ পর্যন্ত সেটা করেছেন। এই দুই প্রেমিক প্রেমিকা এখন ফেব্রুয়ারির ১৪ তারিখে ভ্যালেন্টাইনস ডে একসাথে কাটানোর পরিকল্পনা করছে।

