আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর দেরনার একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় চারজন নিহত হয়েছে। রোববারের ওই হামলায় এক নারী, তার সন্তান এবং সরকার বিরোধী দুই যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেরনা শহরটি রাজধানী ত্রিপোলি থেকে ১১শ কিলোমিটার পূর্বে অবস্থিত।
আল ওয়েহদা হাসপাতালের রেডিওলজিস্ট ড. মোহাম্মদ আল জেদ্দায়িমি এএফপিকে জানিয়েছেন, ‘বিমান হামলায় এক নার্স, তার ১০ বছরের ছেলে এবং শুরা কাউন্সিলের দুই সদস্য নিহত হয়েছেন।’
মুজাহেদিন শুরা কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, পূর্বাঞ্চলীয় দেরনা শহরের বাব তবরুক জেলার ফেকালটি অফ মেডিকেল টেকনোলজি সাইন্স এলাকায় রোববার স্থানীয় সময় সকাল ১০টায় ওই হামলা চালানো হয়েছিল।
মুজাহিদিন শুরা কাউন্সিল ওই শহরের ইসলামিক জঙ্গি গোষ্ঠীর একটি জোট সংগঠন। জেদ্দায়িমি জানিয়েছেন, আল ওয়েহদাহ হাসপাতালের ইউরোলজি বিভাগের নার্স এবং তার ছেলে সরাসরি হামলার শিকার হয়েছেন। ওই হামলায় ইউনিটের পুরোটাই লণ্ড ভণ্ড হয়ে গেছে। ওই হাসপাতালটি বাব তোবরুক মেডিকেল ভবনের কাছেই অবস্থিত।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। এছাড়া রোববারের ওই বিমান হামলা সম্পর্কে কোনো রিপোর্ট করেনি সরকার বাহিনী।

