পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ এমপি বলেন, ‘বাংলাদেশের নারীদের অবহেলা করে দূরে রাখার কোনো সুযোগ নেই।’
শনিবার আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী শরীফ বলেন, ‘ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে গত বিএনপি-জামায়াত সরকার নারীদের অবহেলিত করে রেখেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে।’ তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাকে নারী কৃষককেও কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা বিতরণে পুরুষ কৃষকদের পাশাপাশি সমান সুযোগ দেয়ার পরামর্শ দেন।
মন্ত্রী আরও বলেন, ‘সরকার কৃষিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদনে উন্নত বীজ, সার, কীটনাশক, সেচ সকল বিষয়ে বৈজ্ঞানিকদের মাধ্যমে কৃষকদের সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। কৃষক ভাইদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা চালু করেছে। এর কারণ ছিল, কৃষি উপকরণ, অনুদান যা কিছুই কৃষকদের দেয়া হতো তা অনেক সময় দুর্নীতির কারণে নয়-ছয় হতো। কৃষকরা সরকারি অনুদান চেকের মাধ্যমে পাচ্ছেন। তাই এখানে দুর্নীতি বন্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করি।’
বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মতিউর রহমান নিজামী বিএনপি-জামায়াত সরকারে থাকাকালে আটঘরিয়ার এতিমখানার জন্য বরাদ্দকৃত সরকারি সাহায্য বাতিল করেছিলেন কিন্তু এক সময় নিজামী আটঘরিয়ায় জায়গির থেকে তার জীবিকা নির্বাহ করতেন। এখানকার এতিমদের জন্য সরকারি বরাদ্দ বাতিল করতে তার মন এতটুকুও টলেনি।’
তিনি বলেন, ‘মানুষের বাড়িঘর পোড়ানো, মানুষ মারা ইসলামের কাজ নয়। মানুষ এখন সচেতন। গুন্ডা-বদমায়েশের রাজনীতি শেখ হাসিনার শাসনামলে চলবে না। এটা ইসলামের কথা। সারাদেশের বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণসহ দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় হয়েছে। প্রধানমন্ত্রী এসব উন্নয়নের পুরো স্বীকৃতি ও কৃতিত্ব এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ওপর উৎসর্গ করেছেন।’
ভূমিমন্ত্রী ১০০ জন কৃষকের মধ্যে ৫শ কেজি মুগডালের বীজ এবং প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় বিতরণ করেন। পরে মন্ত্রী আটঘরিয়ার সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ১৫০০ শীতার্ত নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুন রাজীবের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে পাবনা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমেনা আক্তার নীলাসহ অনেকে বক্তব্য দেন।

