আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যঞ্জেলেসে মাঝ আকাশেই দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এগুলো লস অ্যাঞ্জেলেসের পোতাশ্রয় সংলগ্ন সাগরে পতিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কারো বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।
মার্কিন উপকূলরক্ষী এবং অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে বিমান দু’টির মধ্যে সংঘর্ষ হয়। পরে বিমান দু’টি বিধ্বস্ত হয়ে পোতাশ্রয় থেকে দুই মাইল দূরে পানিতে পতিত হয়। তবে সেসময় বিমান দু‘টিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই দমকল এবং লাইফগার্ড নৌকা এবং উদ্ধারকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। বিমান দু’টির পাখার ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের কাউন্টি লাইফগার্ডের ক্যাপ্টেইন কেন হাসকেট।
তাদের ধারণা বিমান দু‘টি সাগরের ৩০ মিটার গভীরে পতিত হয়েছে। যেখানে বিমান দু’টি বিধ্বস্ত হয়েছে ওই এলাকায় উদ্ধারকাজের জন্য পোতাশ্রয়ের প্রবেশদ্বার বন্ধ রাখা হয়েছিল।

