নিজস্ব প্রতিবেদক : শুরু হয়েছে দক্ষিণ এশীয় শিল্পীদের সবচেয়ে বড় মহাযজ্ঞ ঢাকা আর্ট সামিট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আজ থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে এ শিল্পের মহাযজ্ঞ।
শুক্রবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের দেশের চিত্রশিল্পীরা শিল্পের এতটা উন্নত ধারা এদেশে প্রবর্তন করেছেন যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি।’
যৌথভাবে চারদিনের এই আয়োজন করছে সামদানি আর্ট ফাউন্ডেশন ও শিল্পকলা একাডেমি।
অর্থমন্ত্রী বলেন, ‘বৃহৎ এশিয়া চিত্রকলা শিল্পের পরিচয় পাওয়া যাবে ঢাকা আর্ট সামিটের এই আয়োজনে। শিল্পের এত বড় আয়োজনের সঙ্গে সম্পৃত্ত হওয়া যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য গৌরবের বিষয়। উদ্যোক্তারা নিজেদের অর্থায়নে এটা করছে। আমরা এখন থেকে প্রতিবছরই সরকারের পক্ষ থেকে তাদের একটা নিয়মিত সহায়তা দেব।’
তিনি বলেন, ‘আমাদের দেশের শিল্পচর্চা নিয়ে মানুষের আগ্রহ অনেক উচ্চমানের। জন্মের পরেই আমরা পেয়েছি জয়নুল আবেদীন ও কামরুল হাসানের মতো শিল্পীদের।’
অনুষ্ঠানের অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দেশের চিত্রকলার ক্ষেত্রে অনেক পুরোধা ব্যক্তিত্ব আছেন। তাদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, মতুর্জা বশিরসহ সবাই ভাষা আন্দোলনের ফসল। তারাই আমাদের দেশকে বাইরে পরিচয় করিয়ে দিয়েছেন। পরবর্তীকালে আমাদের দেশের চিত্রকররা বাইরে বিখ্যাত হয়েছেন।’
তিনি বলেন, ‘এ আয়োজনকে কেন্দ্র করে যখন ৬০০ পর্যটক আসছেন তাহলে আমরা আশা করতে পারি ২০১৮ সালের মধ্যে এদেশে পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে। এরমধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।’
অপর অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, ‘বিদেশি ও দেশীয় শিল্পীদের অংশগ্রহণে শিল্পের এ আয়োজন আমাদের শিল্পকে আরো সমৃদ্ধশালী করতে বিরাট ভূমিকা রাখবে। এখানে যারা আসছেন তারা যেমন আমাদের থেকে কিছু নেবেন আমরাও তেমনি তাদের থেকে নিয়ে উপকৃত হবো।’
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কো ফাউন্ডার নামিয়া সামদানি।
বিশ্বের প্রায় ৬০০ আর্টিস্ট, কিউরেটর, লেখক, আর্ট প্রফেশনাল এবং কালেক্টর এ সামিটে অংশগ্রহণ করছেন। ঢাকা আর্ট সামিট নিয়ে সংবাদ প্রতিবেদন করতে আসছে ৫০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক। এছাড়াও সারা বিশ্বের দর্শকদের জন্য ব্লুমবার্গ টিভি এই আয়োজন নিয়ে ৩০ মিনিটের একটি ডকুমেন্টারি তেরি করছে। ৪ দিন ব্যাপী ঢাকা আর্ট সামিটে প্রায় ১ লাখ ৩০হাজার দর্শক হবে বলে আশা করা হয়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে শিল্পকর্ম প্রদর্শনী।

