আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের দখল নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রাহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। দুপক্ষের লড়াই থেকে প্রাণ বাঁচাতে তুর্কি সীমান্ত অভিমুখে ছুটছে হাজারো সিরীয়। শুক্রবার এ তথ্য জানিয়েছেন তুরস্কের কমকর্তা ও মানবাধিকার কর্মীরা।
তুর্কী প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু জানিয়েছেন, তুরস্কের সীমান্তের দিকে আসা শরণার্থীদের সংখ্যা ৭০ হাজার হতে পারে। যদিও একটি গবেষণায় জানা গেছে, সীমান্তের দিকে আসা শরণার্থীদের সংখ্যা হবে প্রায় ৪০ হাজার।
দাভুতোগলু বলেন, সিরিয়ায় আইএস জঙ্গীদের বিরুদ্ধে রুশ বিমান হামলার কারণেই ভিত শরণার্থীরা তুরস্ক-সীমান্তের দিকে আসতে শুরু করেছে। এদিকে রাশিয়া জানিয়েছে যে, তুরস্ক ইতিমধ্যে সিরিয়ায় চলমান সহিংসতা নিরসনে আইএস-বিরোধী হামলার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে সৌদি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বিন-হাসান বৃহস্পতিবার জানিয়েছেন, তার দেশ সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। তবে এ সংক্রান্ত যে কোন বিষয় মার্কিন নেতৃত্বাধীন জোট নেতাদের সাথে আগামী মাসে বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব এ্যাশ কার্টার তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, উদ্ভুত এই সমস্যাটি নিয়ে আগামী সপ্তাহে ব্রাসেলসে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন তিনি।

