নিজস্ব প্রতিবেদক : মালিক ও শ্রমিকদের শাস্তির বিধান রেখে শিগগিরই সড়ক পরিবহন আইন হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক ও ট্রাফিক আইন অমান্য করাসহ বিভিন্ন অপরাধে চালকের পাশাপাশি মালিকদেরও এই আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম পরিদর্শনকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘আগামী মার্চের শেষ সপ্তাহে মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ তিনি আরো বলেন, ‘ফুটপাথ পথচারীদের জন্য ছেড়ে দিতে হবে। শিগগিরই ফুটপাথ পরিষ্কার অভিযান চালাবে বিআরটিএ।’
বিআরটিএ’র অভিযান বিষয়ে মন্ত্রী বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে সিএনজি-অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।’

