নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার আইন খসড়া পর্যায়ে রয়েছে। এটি আগামী জুন মাসের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে উঠতে পারে। আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সম্প্রচার আইন তৈরিতে জাতিসংঘ সহায়তা করবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি রবার্ট ডি. ওয়াটকিন্স-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার আইনের খসড়া হাতে আসবে এবং আগামী জুন মাসে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘সম্প্রচার আইন ও সম্প্রচার কমিশন গঠনে জাতিসংঘ সহযোগিতা দিতে চায়। দেশের সাংবাদিকদের নিয়ে চলতি বছরের মার্চের শেষে ঢাকায় একটি কনভেনশন করার কথা বলেন তথ্যমন্ত্রী।’
তিনি বলেন, ‘ভূমিকম্প ও জঙ্গিবাদ সম্পর্কে সাংবাদিকদের প্রশিক্ষণ দিতে মার্চের শেষের দিকে একটি কনভেনশন করা হবে। এতে দেশের সংবাদকর্মীরা অংশ নেবেন।’
বিশেষ করে কনভেনশনে ভূমিকম্প সম্পর্কে মিডিয়া কী ভূমিকা পালন করবে এবং কি কি তথ্য সংগ্রহ করবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হবে। এ বিষয়ে সাংবাদিকদের দক্ষতার প্রয়োজন আছে বলে মন্ত্রী জানান। এ ছাড়া সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং টেকসই উন্নয়নে সাংবাদিকদের মতামত নেয়া হবে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি খসড়া আইন তৈরি করেছে, আমাদের হাতে আসেনি। আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে খসড়া আমাদের হাতে আসবে, আসলে উন্মুক্ত করে দেব এবং অংশীজনের মতামত চাইব, পরবর্তীতে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি-বিচ্যুতি দেখে অন্তর্ভুক্ত করে সম্প্রচার আইন এবং কমিশনের কাঠামো তৈরি করব। তারপর মন্ত্রিসভা এবং সংসদে যাবে।’
আইনের ভেতরে সম্প্রচার কমিশন কীভাবে তৈরি হবে তা লিপিবদ্ধ থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী।

