পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ নিয়ে পরিচালনা করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বুধবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে উপাচার্য এ মন্তব্য করেন।
এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের মতো একটি দেশে বিশ্ববিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ নিয়ে পরিচালনা করতে হয়। পৃথিবীর কোনো দেশে চলমান বিশ্ববিদ্যালয়কে বাধাগ্রস্ত করা হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র প্রতিনিয়ত চলছে। এমনকি প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি লাশ ফেলে দেয়ার কথা বলা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতাদের বক্তব্যে যা স্পষ্ট হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এভাবেই নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষের ঘটনা সম্পর্কে অপর এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘এটি খুবই দুঃখজনক ঘটনা। নববর্ষে উদযাপন করতে হাজার হাজার মানুষ এখানে আসে। তাই সামনে নববর্ষে এমন ঘটনা যাতে ঘটতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনার শাহীন রেজাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

