আন্তর্জাতিক ডেস্ক : ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে এক সময়ের জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান ইয়াহু। প্রতিষ্ঠানের লাভজনক অবস্থা ফিরিয়ে আনতেই ‘আক্রমণাত্মক কৌশলগত পরিকল্পনা’ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৬ সালের শেষ দিকে এই প্রতিষ্ঠানের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। ইয়াহু ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতির মুখে পড়ার পরই প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে।
একটি বিবৃতিতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মারিসা মায়ের জানিয়েছেন, এটি একটি শক্তিশালী পরিকল্পনা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের অবস্থার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, ‘এটা আমাদের ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা এবং অংশীদারদের কাছে নাটকীয়ভাবে আমাদের ভবিষ্যত উজ্জ্বল এবং উন্নত করবে।’ ফেসবুক এবং গুগলের জনপ্রিয়তার দৌড়ে ইয়াহুর জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরেই ফিকে হয়ে গেছে। এতে করে প্রতিষ্ঠানটি বেশ ক্ষতির মুখোমুখি হয়েছে। এ কারণে একের পর এক পরিকল্পণা করা হচ্ছে যেন এই সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানকে আবারও পূর্বের মত সচল করা যায় এবং এর জনপ্রিয়তা আগের মত বাড়ানো যায়।
এর আগে ডিসেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছিল তারা চাইনিজ ই-কমার্স সাইট আলি বাবার কাছে তাদের প্রতিষ্ঠান বিক্রি করবে।
ইয়াহু তাদের কিছু প্রোডাক্ট লাইন যেমন ইয়াহু টিভি এবং ইয়াহু গেমস বিক্রিরও পরিকল্পনা করছে। এটার উদ্দেশ্য ছিল তারা যেন তাদের সার্চ বিজনেস ই-মেইল এবং টাম্বলার ব্লগিং সাইটকে বেশি গুরুত্ব দিতে পারে।
ইতোমধ্যেই দুবাই, মেক্সিকো শহর, বুয়েনোস এয়ারস, মাদ্রিদ এবং মিলানের অফিস বন্ধ করে দিয়েছে ইয়াহু।
তবে আলি বাবার কাছে নিজেদের প্রতিষ্ঠান বিক্রির ব্যাপারে বিভিন্ন কর্মী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চাপের মুখে ওই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন মায়ের। এখন ব্যয় কমিয়ে আয়ের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির কোর ইন্টারনেট বিজনেস বিক্রির ক্ষেত্রে স্বাক্ষরিত একটি চুক্তির ক্ষেত্রে এই চিত্র দেখা গেছে। রোসেনব্লাট সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, ‘তারা তাদের প্রতিষ্ঠানকে ছোট করে আয় বাড়াতে পারবে কিন্তু তারা একটি প্রতিষ্ঠান যা বাড়বে কিন্তু তারা তা পারছে না।’
তিনি আরো বলেন, ‘তাদের কোর বিজনেসটা যদি সত্যিই কারো কাছে মূল্যবান মনে হতো তবে যে কেউ ইতোমধ্যেই এটা কিনতে চাইত।’

