আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে ভোটে জিতেছেন প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি পেয়েছেন ৫০ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।
তিন মাস আগেও সবাই নিশ্চিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল জনসমর্থনে ধন্য হয়ে নিজ দলের মনোনয়ন হেলায় ছিনিয়ে নেবেন। কিন্তু মাঝামাঝি সময়ে কিছুটা ভাটা পড়েছিল হিলারির সমর্থকদের মধ্যে। সারা দেশে হিলারির সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে ওঠতে পারেনি। আর এ কারণে হিলারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।
তবে অবশেষে নিজ দলের সমর্থকদের সমর্থন ছিনিয়ে নিতে পেরেছেন হিলারি। এতে প্রেসিডেন্ট পদে দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন তিনি।

