ঢাকাTuesday , 2 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পর্দা উঠল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের

Link Copied!

americaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় আইওয়া অঙ্গরাজ্যে ভোটাভুটির মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের প্রথম ধাপ। ওই অঙ্গরাজ্যের ডেমোক্রাট ও রিপাবলিকান দলের সমর্থকরা চূড়ান্ত দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ভোটে অংশ নেন।
ওই নির্বাচনে রিপাবলিকান দলের আলোচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন বলে খবর পাওয়া গেছে। সেখানে জয়ী হয়েছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ। যদিও শেষ মূহূর্তের এক মতামত জরিপে ডোনাল্ড ট্রাম্প তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজের চেয়ে সামান্য এগিয়ে ছিলেন। অন্যদিকে, ডেমোক্র্যাট দলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
সোমবার স্থানীয় সময় ৭টা এবং বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে শুরু হয় আইওয়া ককাসের ভোটাভুটি। আইওয়ার পর একই কায়দায় ধারাবাহিকভাবে অন্য রাজ্যগুলোতেও ককাস বা প্রাইমারি নির্বাচন ও ভোটগ্রহণ চলতে থাকবে। ফলে সব ডেমোক্রেটিক ও রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীর অগ্নিপরীক্ষা শুরু আইওয়া নির্বাচনের মধ্য দিয়েই। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। দুই পার্টি থেকে মনোনীতরাই এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কৌশলগত দিক দিয়ে আইওয়ার ককাসের ভোট গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকেন বিশ্লেষকরা। কারণ, এ ভোটের ফল অন্যান্য রাজ্যগুলোর ভোটারদের প্রভাবিত করতে পারে। সর্বশেষ জর্জ ডব্লিউ বুশ আইওয়ায় জয়লাভের পর রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছিলেন।
তবে নির্বাচনের প্রাক্কালে আইওয়ায় আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ভোটের আয়োজকরা। কেননা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সোমবার রাতে তুষার ঝড় হতে পারে বলে জানানো হয়েছিল। প্রার্থীরাও ঝড়ের কারণে ভোটার উপস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ট্রাম্প নিজের সমর্থকদের সঙ্গে মজা করে বলেছেন, ‘আপনারা আইওয়ার বাসিন্দা! আপনারা কি বরফকে ভয় পান?’ উল্লেখ্য, মোট ডেলিগেটের মাত্র ১ শতাংশ আইওয়া ককাসে নির্ধারিত হবে যাদের মধ্যে রিপাবলিকানদের ৩০ ও ডেমোক্র্যাটদের ২৯ জন।
যুক্তরাষ্ট্রে এবারের নির্বাচনে এখন পর্যন্ত যাঁরা জনমত গণনায় এগিয়ে আছেন, তাঁরা কেউই দলের কর্তাব্যক্তিদের পছন্দের নয়। রিপাবলিকানদের মধ্যে ধনকুবের ডোনাল্ড ট্রাম্প সব হিসাব উল্টে দিয়ে এক নম্বরে রয়েছেন। জনপ্রিয়তায় ট্রাম্পকে ছুঁইছুঁই করছেন টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর টেড ক্রুজ। রিপাবলিকান নেতারা আশা করেছিলেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ অথবা একই অঙ্গরাজ্যের তরুণ সিনেটর কিউবান বংশোদ্ভূত মার্কো রুবিও মনোনয়ন ছিনিয়ে নেবেন কিন্তু ট্রাম্পের অতিনাটকীয়তা ও ক্রুজের অতি তপ্ত প্রচারণার মুখে তাঁরা দুজনেই কার্যত মুখ থুবড়ে পড়ে আছেন। ডেমোক্রেটিক দলের পক্ষে অবস্থা একই রকম জটিল ও অবাস্তব। তিন মাস আগেও সবাই নিশ্চিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল জনসমর্থনে ধন্য হয়ে নিজ দলের মনোনয়ন হেলায় ছিনিয়ে নেবেন। কিন্তু বাস্তবে সে কথা সত্য প্রমাণিত হয়নি। সারা দেশে হিলারির সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে ওঠেনি। হিলারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।