নিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যারা প্রশ্ন তৈরি ও সরবরাহ করছেন তাদের নজরদারিতে রাখা হয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এবার প্রশ্নপত্র পৌঁছে দিচ্ছি।’
সোমবার (১ ফেব্রুয়ারি) শুরু দেশব্যাপী হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রাজধানীতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একবারই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেবার আমরা পরীক্ষা স্থগিত করেছি। আরেকবার ফাঁসের গুজব উঠেছিল। পরীক্ষার মাঝে গ্যাপ থাকায় আমরা প্রশ্ন পরিবর্তন করেছি। কয়েক সেট প্রশ্ন তৈরি করা হয় এবং এমনভাবে প্রক্রিয়াকরণ করা হয়, যাতে সংশ্লিষ্ট কারো পক্ষে বোঝা সম্ভব না হয়ে ওঠে।’
তিনি বলেন, ‘আগে আমাদের ওপর চাপ ছিল পাশের হার কম কেন, এখন উলটো চাপ, পাশের হার বেশি কেন? আমরা আগেও শিক্ষকদের নির্দেশ দিয়েছি, এখন জনসম্মুখে নির্দেশ দিচ্ছি, আপনারা শিক্ষার্থীদের প্রাপ্ত ন্যায্য নম্বরটুকুই দেবেন।’
রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে শিক্ষাসচিব মো. সোহরাব হুসাইনসহ শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা আজ সকাল থেকে শুরু হয়েছে।
এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ এবং ছাত্রী ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন।
গতবারের তুলনায় এবার মোট ১ লাখ ৭২ হাজার ২৫৭ পরীক্ষার্থী বেড়েছে। এরমধ্যে ছাত্র ৭৯ হাজার ৫৯৪ এবং ছাত্রী ৯২ হাজার ৬৬৩ জন। বিদেশে ৮টি কেন্দ্রে মোট ৪০৪ পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ২০১ ও ছাত্রী ২০৩ জন।

