নিজস্ব প্রতিবেদক : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে রিকশা থেকে নামিয়ে ‘কুপ্রস্তাবের’ অভিযোগে রাজধানীর আদাবর থানার এসআই রতনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, রোববার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আশা ইউনিভার্সিটির ওই ছাত্রীকে রিকশা থেকে নামিয়ে অনৈতিক প্রস্তাব দেন আদাবর থানার এসআই রতন।
পরে ওই ছাত্রী মোহাম্মদপুর থানায় রতনের বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী ওই ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় (আদাবর থানা) অভিযোগ করতে বলেন। বিষয়টি জানাজানি হলে এসআই রতনকে রোববার রাতেই প্রত্যাহার করে কর্তৃপক্ষ।
বিপ্লব কুমার সরকার বলেন, ‘পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এসআই রতন ওই ঘটনার সঙ্গে জড়িত। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত, ভুক্তভোগী ছাত্রী কুপ্রস্তাবকারী ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে আদালতে উপস্থিত আছেন।

