আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরের একটি বিবাদপূর্ণ দ্বীপের খুব কাছ দিয়ে অতিক্রম করেছে একটি মার্কিন রণতরী। পেন্টাগন জানিয়েছে, সেখানে প্রবেশের স্বাধীনতা খর্ব করতে চীনের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করতেই এমনটা করা হয়েছে।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন রণতরীটি বিবাদপূর্ণ ট্রিটন দ্বীপের খুব কাছ দিয়ে অতিক্রম করেছে। এদিকে দ্বীপটির মালিকানার অন্যতম দাবিদার চীন এ কারণে আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম একটি দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে দিয়ে আমেরিকার গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী নৌযান ডেস্ট্রয়ার ইউএসএস লাসেন অতিক্রম করেছিল। বেইজিং প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের মালিকানা দাবি করে আসছে।
চীন ঐতিহাসিকভাবে ওই এলাকার ওপর নিজের সার্বভৌমত্ব দাবি করে। একই ভাবে তাইওয়ান, ফিলিপাইন, ভিয়েতনাম এবং ব্রুনাইও এ সাগরের ওপর নিজেদের মালিকানা দাবি করছে।
এদিকে দক্ষিণ চীন সাগরকে ঘিরে আমেরিকার এ জাতীয় পদক্ষেপ বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের উত্তেজনা আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকা উত্তেজনা উস্কে দেয়ার জন্যেই এ পদক্ষেপ নিয়েছে বলেও ধারণা করছেন তারা।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিবাদপূর্ণ এ অঞ্চলটিতে কোনো পক্ষে অবস্থান নিতে চায় না। এখানে তারা শুধু নিরাপদে প্রবেশের সুযোগ চায়।

