আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালামুতে বুধবার মাওবাদী হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ পুলিশ এবং বাকি দুজন বেসামরিক নাগরিক। ওই ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পলামুর ছতরপুরের কালাপাহাড়ি এলাকায় টহল দিচ্ছিল একটি পুলিশের গাড়ি। কনস্টেবল ও চৌকিদার মিলিয়ে ওই ট্রাকে ১৩ জন পুলিশ ছিল। টহলরত গাড়িটি এক সময় রাস্তায় পুঁতে রাখা মাইনের ওপর এসে পড়লে বিকট শব্দে এটি বিস্ফোরিক হয়। দূর থেকেও এই বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন
এ ঘটনায় ট্রাকচালক ও এক পুলিশ ঘটনাস্থলেই মারা যান। বুধবার রাতেই আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে রাঁচিতে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচ জন। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা আহত আটজনের মধ্যে ছয়জনের অবস্থাই আশঙ্কাজনক।
সম্প্রতি পালামু এলাকায় ফের মাওবাদীদের তৎপরতা বেড়েছে। দু’দিন আগেই ওই এলাকায় একটি মোবাইল ফোনের টাওয়ার উড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। এ ঘটনার পর সেখানে টহল দেয়ার জন্য অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

