রংপুর প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্প ও উদ্যোগ তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর টাউন হল চত্বরে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) কাজী হাসান আহম্মেদ।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমকে অধিকতর বেগবান করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন।’
তিনি আরও বলেন, ‘নতুন নতুন প্রযুক্তির হাত ধরে বাংলাদেশে খুলবে সম্ভবনার সকল দ্বার। আর এতে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল হবে। সহজ হবে সাধারণ মানুষের নাগরিক সুবিধা গ্রহণের পথ।’
এদিকে মেলার উদ্বোধন উপলক্ষ্যে বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের পরিচালক আব্দুল মজিদ।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তনিমা তাসনীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদার, রংপুর প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা প্রশাসন সূত্র জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমকে অধিকতর বেগবান করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবারের মেলায় সরকারি ই-সেবা প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যাবহার করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, ই-কমার্স এবং তরুণ উদ্ভাবকদের উদ্ভাবন উপস্থাপন করা হবে।
মেলায় সরকারি-বেসরকারি ৩৯টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা প্রতদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং রংপুর জেলা প্রশাসন আয়োজিত এই মেলা আগামী ২৯ জানুয়ারি শুক্রবার শেষ হবে।

