নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতে আগুনে পুড়ে মারা গেছে অস্ট্রেলিয়া সরকারের নির্মাণাধীন স্কুলের এক নিরাপত্তারক্ষী। তার নাম একরামুল হক (৪০)।
মঙ্গলবার রাতে খিলক্ষেতের তিনশ ফুট সড়ক এলাকা এ ঘটনা ঘটে। বুধবার ভোরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খিলক্ষেত থানার এসআই মোজাম্মেল হক জানান, অস্ট্রেলিয়া সরকারের নির্মাণাধীন ওই স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে একরাম ডিউটি করেন রাতে। ধারণা করা হচ্ছে শীত নিবারণের জন্য তিনি আগুন জ্বালিয়েছিলেন তার বিছানার পাশেই। গভীর রাতে সে আগুন ছড়িয়ে পড়ে তার বিছানা ও গায়ে জড়ানো কম্বলে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠায়। একরামুল হকের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজার হাট উপজেলার দেবীচরণ গ্রামে। তার বাবা মৃত বশির উদ্দিন বলে জানা গেছে।

