নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালে অসীম সাহসিকতা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও সুশৃংখল আচরণের জন্য ১০২ জন পুলিশ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়েছে।
মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয় পদকপ্রাপ্তদের হাতে।
এরমধ্যে ১৯জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা পদক দেওয়া হয়েছে।
সকালে রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর সামনে শারিরীক কসরত প্রদর্শন করেন পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজি) একেএম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন এবং ব্যাজ পরিয়ে দেন ।
পদকপ্রাপ্ত গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ বলেন, এ ধরনের পদক কাজের ক্ষেত্রে আরো আন্তরিক ও দায়িত্ববান করে তোলে। পুলিশ সব সময় জনগণের স্বার্থে কাজ করে, আগামীতেও করবে। এ সময় অনেকেই তার মতো অভিমত ব্যক্ত করেন।

