নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, গত একটি বছর আপনারা খুব ভাল কাজ করেছেন। সম্প্রতি প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর ভূয়সী প্রশংসা করে আমাকে বলেছেন-পুলিশ খুব ভাল কাজ করছে। প্রধামন্ত্রীর মুখে আপনাদের কাজের স্বীকৃতিতে আমি গর্ব অনুভব করেছি।
জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি সম্প্রতি আমেরিকা গিয়ে সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে তাদের জানিয়েছি- তোমাদের দেশের মতো আমাদের দেশেও সন্ত্রাসবাদ মাঝেমধ্যে উঁকিঝুঁকি দেয়, আমরা তা সাফল্যের সঙ্গে মোকাবেলা করছি। তবে আমাদের কৌশলটা তোমাদের থেকে একটু ভিন্ন। কারণ আমাদের সঙ্গে আছে জনগণ।’
মন্ত্রী বলেন, ‘আমেরিকা কৃর্তপক্ষ আমার কাছে জানতে চেয়েছে- আমরা তাদের কাছ থেকে কিছু চাই কি না। আমি বলেছি, তোমাদের কাছ থেকে আমরা কিছু চাই না। তবে তোমরা কাউন্টার টেররিজমের বিষয়ে আমাদের প্রশিক্ষণ দিতে পারো। তারা নিজে থেকেই আমাদের সহযোগিতার এ প্রস্তাব দিয়েছে। আমরা এখানে কাউন্টার টেররিজম ইউনিট গঠন করবো। তার প্রক্রিয়া চলছে।’
তিনি বলেন, ‘গত বছরের প্রথমদিকে ৯২ দিনের যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সেটা আপনারা সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন। আপনাদের ২১ জন পুলিশ সদস্য ওই সময় প্রাণ দিয়েছেন। যারা সে সময় সহিংসতা ঘটিয়েছে সেই জামায়াত-বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনারা প্রমাণ করেছে আপনারা জনগণের বন্ধু।’
একই অনুষ্ঠানে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) মোখলেসুর রহমান বলেন, ‘আমরা যাদের নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের কিছু ভুলত্রুটি হতেই পারে। দু’একটি বিচ্যুতির কারণে ঢালাওভাবে সমগ্র বাহিনীকে দোষারোপ করা হয়। এর থেকে আমাদের বের হতে হবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচ্যুতির অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আমরা যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিই সেগুলো মিডিয়াতে আসে না।’

