কিশোরগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রপতি আবদুল হামিদের শৈশব ও কৈশোরসহ জীবনের বেশিরভাগ সময় কেটেছে কিশোরগঞ্জে। সেখান থেকেই তার রাজনীতির গোড়াপত্তন। তাই সুযোগ পেলেই তিনি নাড়ির টানে সেখানে ছুটে যান।
রোববার বিকেলে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে জন্মস্থানের স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি।
কিশোরগঞ্জের মাটি আর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘আমার আজকের অবস্থানে আসার পেছনে কিশোরগঞ্জের মাটি ও মানুষের অবদান সবচেয়ে বেশি। আমি এ অঞ্চলের মানুষের কাছে ঋণী। তাইতো বার বার এখানে ফিরে আসতে চাই। যদিও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অনেক সময় তা সম্ভব হয় না।’
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ‘গৌরবের ১০০ বছর’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্টপ্রতি আরও বলেন, ‘বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শিক্ষার প্রসারে বর্তমান সরকারের আন্তরিক চেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ বছর সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারের এ প্রয়াস এগিয়ে নিতে সবাইকে সহযোগিতা করতে হবে।’
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, মো. আফজাল হোসেন এমপি প্রমুখ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ পরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
কিশোরগঞ্জ শহরের নিজের বাসায় রাতযাপন করে রাষ্ট্রপতি আগামীকাল সোমবার দুপুরে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

