নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদীদের তাণ্ডবের কারণে সত্য তথ্য ধামাচাপা পড়ে রয়েছে। মিথ্যাচার ও অপপ্রচার কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি ও কুয়াশার সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মাধ্যমে বিভ্রান্তি ও কুয়াশা থেকে সত্যকে বের করতে হবে।
রোববার বেলা ১১টায় রাজধানীর শিশু একাডেমীতে ৯ম জাতীয় বির্তক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
যুক্তিবাদী বিতার্কিকেদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি তথ্যের মিথ্যাচার, তথ্যের বিকৃতি করছে। বিতর্কের মাধ্যমে সত্য উদঘাটন করতে হবে। কখনই কুটতর্ক করবেন না। মিথ্যা তথ্য দেবেন না।’
বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত কোমলমতি শিশু-কিশোরদের দেশের জন্য আপ্রাণ নিবেদিত হওয়ার আহ্বান জানান হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘আপনাদেরও দেশের কথা ভাবতে হবে। আমরা এই মাটিতে জন্মেছি- এই মাটির স্বাধীনতা অর্জনে অনেক রক্ত ঝরাতে হয়েছে। দেশ ও সমাজ আপনাদের টাকা দিচ্ছে। দেশ-সমাজের জন্য আপনাদের ঋণ রয়েছে, এটা রক্তের ঋণ।’
এসময় সাংবাদিক আলতাফ মাহমুদের স্মৃতিচারণ করে ইনু বলেন, ‘তিনি গণতান্ত্রিক আন্দোলন করতেন। ছিলেন একজন নির্ভীক সাংবাদিক, কারও চোখ রাঙানো তিনি সহ্য করতেন না। তাদের সম্পর্কে আমাদের জানতে হবে।’
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরোফিন সিদ্দিক বলেন, ‘সত্য অনুসন্ধানের মাধ্যমে বিতর্ককে ধারণ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা-সমালোচনা ও বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত উঠে আসে।’
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ আমাদের এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় বিতর্ক ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত, নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইউসূফ মো. আব্দুল্লাহ, শিশু একাডেমির পরিচালক মোশারফ হোসেন প্রমুখ।
দু’দিনব্যাপী ৯ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রোববার প্রথম দিন ১৬টি দল অংশগ্রহণ করেছে। আগামীকাল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শেষ হবে।

