আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারিতে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিবরা। তবে এখনো বৈঠকের কোনো তারিখ নির্দিষ্ট করা হয়নি। উর্ধ্বতন এক পাক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ফেব্রুয়ারি মাসে বৈঠকের বিষয়ে দু’ পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। চলতি মাসের ১৫ তারিখে এ বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ওই বৈঠক স্থগিত হয়ে যায়।
নতুন করে বৈঠকের আয়োজন করার জন্য দু দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
সম্প্রতি প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংলাপ বিনিময়ের নতুন সম্ভাবনা ও উদ্যোগ দেখা যাচ্ছে। প্যারিসে জলবায়ু সম্মেলনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর অপ্রত্যাশিত আলাপের পরই এ সম্ভবনার সূচনা হয়েছে। যার সূত্র ধরে আকস্মিক লাহোর সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

