আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে শনিবার তার ওপর একশটি গোপন নথি জনসমক্ষে প্রকাশ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবছর ২৩ অক্টোবর নেতাজির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে ওইসব গোপন নথি প্রকাশের অঙ্গীকার করেছিলেন মোদি। সে প্রতিশ্রুতি রাখতেই ওইসব দলিল প্রকাশ করা হচ্ছে বলে এনডিটিভি জানিয়েছে।
শুক্রবার দিল্লিতে উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’কে বলেছেন,‘নেতাজি সুভাষ চন্দ্র বসুর ওপর ভারতের জাতীয় আর্কাইভে সংরক্ষিত ১শ টি গোপন নথি প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদি।’
এর আগে গতবছর কলকাতায় নেতাজি সংক্রান্ত ৬৪টি গোপন নথি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রকাশিত হচ্ছে আরো একশ নথি। তবে এগুলো প্রকাশ হলে তার মৃত্যু রহস্যের কুল কিনারা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
আজ থেকে ৭০ বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন নেতাজি। তার মৃত্যুর কারণ উদঘাটনে একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। তদন্তে বলা হয়েছে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইপেতে এক বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। কিন্তু তার পরিবারের লোকজন এই তদন্তে আস্থা রাখতে পারেননি। তারা বরাবরই নেতাজির মৃত্যুর আসল কারণ জানার জন্য ভারতের সরকারগুলোর ওপর চাপ প্রয়োগ করে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আাসার পর তারা নতুন করে তৎপর হয়ে ওঠেছে।

