আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী হামলায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টোলোর সাত কর্মী নিহত হয়েছেন। তাদের বহনকারী একটি বাসকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল।
ওই হামলায় পথচারীসহ আরো কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। টোলো এক টুইট বার্তায় জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত আজ এক সন্ত্রাসী হামলায় আমরা আমাদের সাত কর্মীকে হারিয়েছি।’
ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান। এর আগে সেপ্টেম্বরে কুন্দুজ শহরে হামলার খবর প্রচারের কারণে টোলো টেলিভিশনকে হুমকি দিয়েছিল এই জঙ্গি গোষ্ঠী।
কর্মীরা অফিসের কাজ শেষ করে বাসে উঠেছিলেন। বাসটি কর্মীদের টোলোর কার্যালয়ের সামনে থেকে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দেয়। অন্যদিনের মত সেদিনও বাসে করে কর্মীরা বাড়ি ফিরছিলেন। কিন্তু কাবুলের কেন্দ্রেই তাদের বাসকে কেন্দ্র করে আত্মঘাতী হামলায় চালানো হয়।এতে ঘটনাস্থলেই সাত জন প্রাণ হারিয়েছেন।
হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি বিভাগের কর্মীরা। টোলো নিউজের সরাসরি সম্প্রচারিত এক খবরে সংবাদ উপস্থাপক ফাওয়াদ আমান জানিয়েছেন, ‘মানবতার শত্রু, শান্তি এবং ইসলামের শত্রুরা আমাদের কর্মীদের হত্যা করেছে। কারণ আমাদের সহকর্মীরা তাদের অপরাধের খবর প্রকাশ করেছে। তারা আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদেরকে হত্যা করছে। কিন্তু তারা তাদের এই খারাপ উদ্দেশ্য কখনও অর্জন করতে পারবে না।’
টোলো আফগানিস্তানের প্রথম টেলিভিশন চ্যানেল যারা ২৪ ঘণ্টা ধরেই খবর প্রচার করে। এদের নিজস্ব ওয়েব সাইটও রয়েছে। দেশটিতে এটি একটি অন্যতম জনপ্রিয় খবরের চ্যানেল। তারা তালেবানদের বিরুদ্ধে বিভিন্ন খবর প্রচার করে আসছে। আর এ কারণেই তালেবান গোষ্ঠী বেশ কয়েকবার তাদের ওপর হামলার হুমকি দিয়ে আসছে।

