অর্থনৈতিক প্রতিবেদক : পিণ্ড বা বার আকারে স্বর্ণ ও রূপা দেশে আনার বিষয়ে নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে শুল্ক আইন দ্বারা নির্ধারিত সীমার বাইরে পিণ্ড আকারে স্বর্ণ ও রূপা দেশে আনা যাবে না।
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারিকৃত সার্কুলারে এ সংশোধনীর কথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশে আগত যাত্রী বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক স্বর্ণ ও রূপার পিণ্ড আনার বাংলাদেশ ব্যাংক নোটিফিকেশন নম্বর এফই- ১/৯৬ করা রহিত হলো। এর পরিবর্তে বাংলাদেশ ব্যাংক নোটিফিকেশন এফই-১/১৬ জারি করা হয়েছে।
ডেপুটি গভর্নর নাজনীন সুলতারা স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, বাংলাদেশে আগত যাত্রী বা অন্য কোনো ব্যক্তি কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ দ্বারা নির্ধারিত সীমার বেশি পিণ্ড আকারে স্বর্ণ ও রূপা আনতে পারবেন না।
বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সূত্রে জানা গেছে, এতদিন পর্যন্ত বহিরাগত যাত্রীর স্বর্ণ ও রূপা পিণ্ড আকারে আনার ক্ষেত্রে শুল্ক আইন ও বাংলাদেশ ব্যাংক নীতিমালার মধ্যে অসামঞ্জস্যতা ছিল। নতুন নোটিশ জারির মাধ্যমে তা দূর করা হয়েছে। তবে অলঙ্কার আকারে স্বর্ণ ও রূপা আনার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

