আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের গুরুত্বপূর্ণ সদস্য জিহাদি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জঙ্গি গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’য়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ায় আইএসের শক্তিশালী ঘাঁটি রাকায় এক ড্রোন হামলায় জিহাদি জনের মৃত্যু হয়েছে। তার প্রকৃত নাম মোহাম্মেদ এমাওয়াজি। বিভিন্ন সময়ে আইএস বন্দিদের শিরশ্ছেদ করার যে ভিডিও প্রকাশ করত সেখানে তাকে জল্লাদের ভূমিকায় দেখা গেছে।
এর আগে গত নভেম্বরে রাকায় এক ড্রোন হামলায় জিহাদি জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এখন আই এস বলছে, গত ১২ নভেম্বরে তিনি নিহত হয়েছিলেন। জিহাদি জনের গাড়ি লক্ষ্য করে চালানি ড্রোন হামলায় তিনি মারা যান। এতে বোঝা যায় যুক্তরাষ্ট্রের দাবি সঠিক ছিল।।
২০১৪ সালে আইএসের এক ভিডিওতে মুখোশ পড়া অবস্থায় তাকে প্রথম দেখা যায়। ভিডিওটি ছিল মার্কিন সাংবাদিক জেমস ফলেয়েকে শিরশ্ছেদ করার দৃশ্য। এরপর একে একে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, ডেভিড হেইনেসসহ আরো বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করার ভিডিওতে জিহাদি জনকে দেখা যায়।
জিহাদি জনের হাতে নিহত কয়েকজন। উপরে বাম দিক থেকে আবদুল রহমান কাসিগ, স্টিভেন সটলফ, জেমস ফলেয়, কেনজি গোটো ও অ্যালান হেনিং।
জিহাদি জন বা মোহাম্মেদ ইমাওয়াজি ১৯৮৮ সালে কুয়েতে জন্ম গ্রহণ করেন। ১৯৯৪ সালে মাত্র ছয় বছর বয়সে তিনি যুক্তরাজ্যে আসেন। সেখানে তিনি কম্পিউটার প্রোগ্রামিংয়ের ওপর স্নাতক ডিগ্রি করেছিলেন।

