
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : নববির্বাচিত পৌর মেয়রদের ৭৯.৪৮ শতাংশই ব্যবসায়ী বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অর্থাৎ মোট নির্বাচিত মেয়র প্রার্থীর মধ্যে ১৮৫ জনের পেশাই ব্যবসা।
এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৪৩ জন (৭৯.০১ শতাংশ), বিএনপির ১৯ জন (৭৯.১৭ শতাংশ), স্বতন্ত্র থেকে ২৩ জন (৮৫.১৯ শতাংশ)। তবে জাতীয় পার্টির নির্বাচিত মেয়রের পেশা হলফনামায় উল্লেখ নেই।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে নবনির্বাচিত মেয়রপ্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করে সুজন। ‘পৌরসভা নির্বাচন : কেমন মেয়র পেলাম’ শীর্ষক এই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এ বিষয়ে সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দেখা গেছে, একটি ক্ষেত্রে আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে অনেক মিল রয়েছে। উভয় দলই প্রার্থীদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে নিজ নিজ দলের ব্যবসায়ীদের বেশি মনোনয়ন দিয়েছে। এ ছাড়া দুই দলের নির্বাচিত মেয়রদের মধ্যে ব্যবসায়ীর হার প্রায় কাছাকাছি।’

