আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের নির্বাচনে শনিবার স্বাধীনতাপন্থী দল তাইওয়ান’স ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) বিপুল ব্যবধানে বিজয়ের পর দেশটিকে সতর্ক করে দিয়েছে চীন।
তাইওয়ানের রাষ্ট্রপতি নির্বাচনে ডিপিপি প্রধান সাই ইং-ওয়েনের বিজয়ের পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতার ব্যাপারে তাইওয়ানের ‘অমূলক বিশ্বাস’ পরিত্যাগ করা উচিৎ। এ বিষয়ে যেকোনো ধরনের প্রচেষ্টা তিক্ততায় পর্যবসিত হবে।
শনিবারের নির্বাচনে তাইওয়ানের চীনপন্থী দল কুমিংটাংয়ের (কেএমটি) প্রধান এরিক চু দেশটির স্বাধীনতাপন্থী দল ডিপিপি’র প্রধান সাই ইং-ওয়েনের কাছে বিপুল ভোটে পরাজিত হয়।
সাই এর বিজয়ের পর চীনের মন্ত্রিসভার এক বিবৃতিতে তাইওয়ানের স্বাধীনতার বিরোধীতা এবং দেশটির বিষয়ে হস্তক্ষেপের কথা পুনর্ব্যক্ত করা হয়। তবে তাইওয়ান প্রণালীর উভয় পাশেই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার কথাও বলা হয় ওই বিবৃতিতে।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর থেকে বলা হয়েছে, ‘তাইওয়ানের ব্যাপারে আমাদের প্রত্যয় পাহাড়ের মতো অটল। জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং অভিন্ন ভূখণ্ডের ব্যাপারেও আমরা দৃঢ়চেতা।’
চীনের এ ধরনের সতর্কতার পর উদ্বেড় প্রকাশ করেছেন তাইওয়ানের ভোটাররা। তাদের ধারণা, এতে দেশটি চীনের অর্থনৈতিক হুমকির মুখে পড়বে।
তাইওয়ানের সদ্য এই নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন সাই। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী চু পেয়েছেন ৩১ শতাংশ ভোট। দেশটির মোট ১১৩টি নির্বাচনী আসনের মধ্যে ৬৮টি আসন পেয়েছে ডিপিপি।
উল্লেখ্য, ১৮৯৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের উপনিবেশ ছিল তাইওয়ান। এরপর ১৯৪৯ সালে এক গৃহযুদ্ধের মধ্য দিয়ে চীনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দেশটি।

