আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন এমন ধারণা নাকচ করে দিয়েছেন তার স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় ভোটারদের সঙ্গে এক আলোচনায় মিশেল সম্পর্কে এ কথা বলেন ওবামা।
এক প্রশ্নের জবাবে ওবামা রসিকতা করে বলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত: মৃত্যু, কর ও মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া।’ ওবামা আরো বলেন, আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল শিশুদের স্থূলতা রোধে কাজ করার মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
ওবামা তার ক্ষমতার দ্বিতীয় মেয়াদের শেষ পর্যায়ে আছেন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না। তবে তার পত্নী মিশেলের আগামীতে মার্কিন নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা আছে কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে না-সূচক উত্তর দেন ওবামা। হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল সাবেক ফার্স্টলেডি হিসেবেই সক্রিয় থাকবেন বলে বিশ্বাস ওবামার।
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই মিশেলকে নিয়ে মার্কিনীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে তাদের সে আগ্রহে জল ঢেলে দিলেন ওবামা।

