আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সমুদ্রসীমায় ভুলবশত ১০ মার্কিন নাবিক ঢুকে পড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, ইরানের কাছে কোনো ক্ষমা চাওয়ার ঘটনা ঘটেনি।
এর আগে বুধবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর নৌবাহিনী প্রধান জানিয়েছিল, দেশটির জলসীমায় প্রবেশের দায়ে গ্রেফতারকৃত ১০ মার্কিন নাবিকের ভুলের জন্য ইরানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের নাবিকদের গ্রেফতার করার নতুন কিছু ছবি টুইটারে পোস্ট করেছে ইরানের রাষ্ট্রীয় একটি গণমাধ্যম। এতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নাবিকরা নতজানু হয়ে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর কাছে আত্মসমর্পণ করছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি নৌযান প্রশিক্ষণের সময় ভুল করে ইরানের জলসীমার মধ্যে ঢুকে পড়লে নয় পুরুষ এবং এক নারী নাবিকসহ নৌযানটিকে আটক করে ইরান।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণ অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের দুটি টহল নৌযান যান্ত্রিক ত্রুটিতে পড়ে, যার একটি ইরানের ফার্সি দ্বীপে নিয়ে যাওয়া হয়।
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকেই দেশটির সমুদ্রসীমা কঠোরভাবে পাহারা দিয়ে আসছে বিপ্লবী রক্ষীবাহিনী। সিএনএনের দেয়া তথ্য অনুসারে, ২০০৪ সালে একবার ইরাক ইরানের মধ্যবর্তী ‘শাত-ইল-আরবে’ যুক্তরাজ্যের একটি নৌযান ঢুকে যাওয়ার পর আট ব্রিটিশ নাগরিকসহ তা গ্রেফতার করে ইরানের রক্ষীবাহিনী। ২০০৭ সালেও একবার ১৩ দিনের জন্য একটি ব্রিটিশ নৌযানকে আটকে রেখেছিল ইরান।

