আন্তর্জাতিক ডেস্ক : ইস্বাম্বুলে আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ রুশ নাগরিককে আটক করেছে পুলিশ। স্থানীয় এক বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান’।
মঙ্গলবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি পর্যটন কেন্দ্রে চালান ওই আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছিলেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনার জের ধরে ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আনতালিয়ার এক বাড়ি থেকে ওই তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ও সিডি জব্ধ করা হয়েছে বলে তুর্কি সংবাদ মাধ্যম দোগান জানিয়েছে। তবে কবে ও কখন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।
আঙ্কারার রুশ কনসুলেট তাদের দেশের তিন নাগরিককে আটক করার খবর নিশ্চিত করেছে। গত নভেম্বরে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তুর্কি সেনাদের হাতে একটি রুশ জঙ্গিবিমানকে ভূপতিত করার ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। এ ঘটনার জের ধরে তুরস্কের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুরস্কে ইসলামিক স্টেট এর আগেও বেশ কয়েকবার হামলা করেছিল। গত অক্টোবরে দুটো আত্মঘাতী বোমা হামলায় রাজধানী আন্ঙ্কারায় নিহত হয়েছিলেন শতাধিক মানুষ। এর আগে গত জুলাইয়ে সিরিয়া সীমান্তের কাছে অন্য হামলায় নিহত হয়েছিলেন ৩০ জন।

