আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে ভারতীয় দূতাবাসের কাছে এক আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বুধবার সকালে ওই হামলা চালানো হয়েছিল। তবে পাকিস্তানের স্থানীয় ডন পত্রিকা জানিয়েছে, আফগানিস্তানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কাছে ওই হামলা চালানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাকিস্তানের ভিসা প্রত্যাশী লোকদের একটি লাইনে যোগ দেয়ার চেষ্টা করেছিল ওই আত্মঘাতী। পরে তাকে ওই ভবনে প্রবেশে বাঁধা দেয়া হলে সে বোমা বিস্ফোরণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই হামলার পর পাকিস্তান দূতাবাসের কাছে একটি ভবনে বন্দুকধারী এবং আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। ভারতীয় দূতাবাস থেকে ২শ মিটার দূরেই ওই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় বেশ কয়েকটি বিদেশী দূতাবাস রয়েছে। তবে ভারতীয় দূতাবাসকে উদ্দেশ্য করেই ওই হামলা চালানো হয়নি। আর সেখানকার ভারতীয় নাগরিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জালালাবাদে একটি সিরিজ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার একটি স্কুলের কাছের বাসিন্দা এবং শিশুদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এ পর্যন্ত আফগানিস্তানে ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে বা এর কাছাকাছি মাত্র ১০ দিনে তিন বার হামলা চালানো হয়েছে। এক উর্ধ্বতন আফগান পুলিশ কর্মকর্তা গতকাল জানিয়েছিলেন, জানুয়ারির ৩ তারিখে মাজার-ই-শরীফে ভারতীয় দূতাবাসে হামলার পেছনে দায়ী ছিলেন পাকিস্তান সেনা কর্মকর্তারা।
তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের চোখে দেখেছি এবং আমি ৯৯ ভাগ জোড় দিয়ে বলতে পারি ওই হামলাকারীরা পাকিস্তানী সেনাবাহিনীর।’ এর আগেও জানুয়ারির ২ তারিখে পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ছয় জঙ্গি। তারা পাকিস্তানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

