চট্টগ্রাম প্রতিনিধি : মহানগরীর পানি সঙ্কট নিরসনে নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এ প্রকল্প চালু হলে ১৪ কোটি লিটার পানি চট্টগ্রাম ওয়াসায় যোগ হবে। আগামী এপ্রিলে এ প্রকল্পের উদ্বোধন করা হবে। তখন নগরীর পানি সঙ্কট অনেকাংশে কেটে যাবে বলে ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, জাইকা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এক হাজার ৬৫৪ কোটি টাকা ব্যয়ে রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। আগামী মার্চের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। প্রায় ৮০ কিলোমিটার ট্রান্সমিশন পাইপ লাইন স্থাপন কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ৭১০ কোটি টাকা। কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের রাঙ্গুনিয়ার পোমরা থেকে চট্টগ্রাম মহানগরী পর্যন্ত পানির পাইপ লাইন নির্মাণের কাজ করেছে জাপানের কোবতা ও মারুবিনি করপোরেশন।
ওয়াসা সূত্রে জানা গেছে, মোট তিনটি প্যাকেজের মধ্যে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বাংলাবাজার এলাকায় পানির রিজার্ভার নির্মাণের কাজ শেষ হয়েছে। রাঙ্গুনিয়ার পোমরা থেকে বায়েজিদ পর্যন্ত পানির ট্রান্সমিশন পাইপ লাইন এবং নগরীতেও পাইপ লাইনের কাজ শেষ হয়েছে। রাঙ্গুনিয়ার পোমরায় ট্রিটমেন্ট প্ল্যান্টের ইলেকট্রিক, ওয়ারিংসহ অন্যান্য কাজ এখন চলছে। মার্চের মধ্যে এই প্রকল্পের শতভাগ কাজ শেষ হয়ে যাবে।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানান, এই প্রকল্প থেকে দৈনিক ১৪ কোটি লিটার পানি পাওয়া যাবে। এতে চট্টগ্রামে পানি ঘাটতির অনেকটা লাঘব হবে।

