আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলে স্বেচ্ছাসেবী সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স সংক্ষেপে এমএসএফ পরিচালিত এক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। ওই হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে দায়ী করেছে ওই সংস্থাটি।
এমএসএফ বলছে, হুতি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি সাদা প্রদেশে যুদ্ধবিমান থেকে ওই হামলা চালান হয়েছিল। হামলায় আরো ১০ জন আহত হয়েছে। আহতদের তিনজন ওই হাসপাতালের কর্মচারী এবং এদের দুইজনের অবস্থা গুরুতর। তবে হাসপাতালে বিমান হামলা না রকেট হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে এমএসএফ।
হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে এমএসএফ বলেছেন,‘গত তিন মাসের মধ্যে এটি হাসপাতালে হামলার তৃতীয় ঘটনা। এই হাসপাতালে স্বাস্থ্যসেবা দিতে প্রচুর দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের টিমকে। আমরা বিবাদমান সকল পক্ষকে রোগী ও হাসপাতাল ভবনে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে ইয়েমেনে নতুন করে ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ করেছিলেন। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।রোববার সৌদি নেতৃত্বাধীন জোট তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করে দিয়েছে।

