অর্থনৈতিক প্রতিবেদক : সদ্য বিলুপ্ত হওয়া ১১১টি ছিটমহলের বাসিন্দাদের জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিষ্পত্তি হয়নি এখনো। আর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংকগুলোকে জমির মালিকানার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা সাব রেজিস্টারের প্রত্যয়নপত্রের বিপরীতে কৃষি বিতরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এ নিয়ম অনুসরণ করে কৃষি ও পল্লীঋণ বিতরণের নির্দেশ দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জমির মালিকানার সমস্যা দূর না হওয়া পর্যন্ত মালিকের ছবিসহ জমির মালিকানা বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বা সাব রেজিস্টারের প্রত্যয়নপত্রের বিপরীতে কৃষি ও পল্লী নীতিমালা ও কর্মসূচি মোতাবেক কৃষি ঋণ বিতরণ করতে।
এছাড়া নাগরিকত্ব সনদ যাচাইপূর্বক দুই বা ততোধিক কৃষকের অনুকূলে গ্রুপ ভিত্তিতে কৃষি কাজের জন্য বিশেষ ‘গ্রুপ কৃষি ঋণ’ বিতরণ করা যাবে বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে কৃষিঋণ বিতরণের অন্যান্য নিয়মনীতি আগের মতই থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

