অর্থনৈতিক প্রতিবেদক : সেপ্টেম্বরের চেয়ে কম রেমিটেন্স এসেছে অক্টোবরে। অক্টোবরে রেমিটেন্স এসেছে ১০৮ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, যেখানে সেপ্টেম্বরে এসেছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ঈদের পরবর্তী মাস হওয়াতেই এ সময়ে রেমিটেন্স কিছুটা কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে অক্টোবরে রেমিটেন্স আগের মাসের চেয়ে কমলেও ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে কিছুটা বেড়েছে। গত অর্থবছরের অক্টোবরে রেমিটেন্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আলোচ্য মাসে এর চেয়ে ৮ কোটি ডলার বেশি রেমিটেন্স দেশে এসেছে।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। এ ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৭২ কোটি ৯১ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ কোটি ১৪ লাখ, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ৩৭ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে।
আর রেমিটেন্স আহরণে একক ব্যাংক হিসেবে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যার মধ্য দিয়ে ২৭ কোটি ৮০ লাখ ডলারের সমপরিমাণ রেমিটেন্স এসেছে। এরপরই অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি ও সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে এসেছে।

