অর্থনীতি ডেস্ক : আইটি পরিকাঠামো উন্নয়নের জন্য টেক ওয়ান গ্লোবাল লিমিটেডের সঙ্গে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড ও বিকাশ।
গত ২৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে মাইক্রোসফটের সল্যুশন দ্বারা টেক ওয়ান ব্র্যাক ব্যাংক, বিটস ও বিকাশের আইটি পরিকাঠামো স্ট্রাকচারিং ও উন্নয়নের জন্য কাজ করবে। এটি তাদের প্রতিষ্ঠানজুড়ে একটি সাধারণ আইটি প্লাটফর্ম স্থাপনের মাধ্যমে সর্বোত্তম সুবিধা প্রদান এবং প্রযুক্তিগত সহায়তা, পরিকল্পনা সেবা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সেইসাথে প্রযুক্তির দ্বারা সফটওয়্যারের নিশ্চয়তাও নিশ্চিত করবে।
অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া বশির কবির বলেন, ‘টেক ওয়ানের উচ্চমানের প্রশংসনীয় সার্ভিসের ওপর ভিত্তি করে এই চুক্তি নবায়ন করা হয়েছে। মাইক্রোসফট বাংলাদেশের পক্ষ থেকে আমি ব্র্যাক ব্যাংক এবং টেক ওয়ান গ্লোবাল উভয়কে অভিনন্দন জানাতে চাই।’
ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘মাইক্রোসফটের সহযোগিতায় টেক ওয়ান যে আইটি সল্যুশন ব্র্যাক ব্যাংককে দিচ্ছে সেটি কোম্পানির সত্য সম্ভাবনা বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বিটস’র ভারপ্রাপ্ত সিইও এবং ব্র্যাক ব্যাংকের আইটি হেড শ্যামল বি দাস বলেন, ‘এ চুক্তি সকল পক্ষের মধ্যে উল্লেখযোগ্য বিনিময় ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’
টেক ওয়ানের কান্ট্রি ম্যানেজার লাহিরু মুনিন্দ্রাদাসা বলেন, ‘এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক, বিটস ও বিকাশের আইটি অবকাঠামো উন্নয়নের পরবর্তী স্তরের জন্য হাইব্রিড ক্লাউড সল্যুশন স্থাপনার জন্য কাজ করবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের আইটি হেড গোলাম কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

