
অর্থনৈতিক প্রতিবেদক : শ্রীলঙ্কার সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ। শিগগিরই এ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকায় নবনিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরা মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তার কক্ষে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত দু’জনই কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, শ্রীলঙ্কার সঙ্গে আমাদের বাণিজ্য রয়েছে। আমরা এ বাণিজ্য আরো বাড়ানোর জন্য আলোচনা করছি। অল্প সময়ের মধ্যে দু’দেশের মধ্যে মুক্তবাণিজ্যের জন্য চুক্তি হবে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট শ্রীলঙ্কায় যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
শ্রীলঙ্কার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। বিনিয়োগের বিষয়ে উভয়পক্ষ কথা বলেছি। আমরা কথা বলছি। শ্রীলঙ্কার মানসম্পন্ন পণ্য আমরা বাংলাদেশে রপ্তানি করতে চাই।

