ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবীরকে বরণে যুবদলের হাতে গাঁদাফুল

Link Copied!

probirফরিদপুর প্রতিনিধি : তিনদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়ে আসেন সাংবাদিক প্রবীর সিকদার। বুধবার দুপুর একটা ৪৫ মিনিটে মুক্ত হয়ে কারাফটকে আসেন।
এর আগেই তার জামিনের খবরে স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভিড় জমান কারাফটকে। সাংবাদিক প্রবীর সিকদারকে বরণ করে নিতে এসময় ফুল হাতে উপস্থিত হন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি অলোক সেন, দেবোত্তর সম্পত্তি রক্ষণাবেক্ষণ কমিটির জেলা সেক্রেটারী ভবতোষ বোস।
এসময় গাঁদাফুল হাতে সাংবাদিক প্রবীরের জন্য কারাফটকে অপেক্ষা করতে থাকেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদল সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ নেতারা। একই সঙ্গে উপস্থিত হন ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ। তারা ফুলের মালা দিয়ে প্রবীর সিকদারকে বরণ করে নেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ১নং আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রমতে, ফরিদপুরের ১ নং আমলি আদালতে সাংবাদিক প্রবীর সিকদারের জামিন আবেদনের ওপর শুনানি হয় বুধবার। এসময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু এসময় জামিন আবেদন করেন। তার সাথে আরো ছিলেন অ্যাডভোকেট জসিমউদ্দিন মৃধা ও অ্যাডভোকেট মাসুদ রানা।
অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু প্রবীর সিকদারকে যুদ্ধাহত শহীদ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করে আদালতকে বলেন, প্রবীর সিকদারের এক পা নেই। তিনি একজন পঙ্গু সাংবাদিক। তার গ্রেপ্তারে দেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। তাকে জামিন দিলে তিনি পালাবেন না।
অপরদিকে, রাষ্ট্রপক্ষে নিযুক্ত আইনজীবী এপিপি অ্যাডভোকেট জাহিদ বেপারীসহ অন্যরা জামিনের বিরোধীতা করেন।
আদালত উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার দেয়া রিমান্ড আদেশ বাতিল করে ৫ হাজার টাকা মুচলেকায় মামলার তদন্ত চলাকালীন পর্যন্ত প্রবীর সিকদারের জামিন আবেদন মঞ্জুর করেন। গত মঙ্গলবার একই আদালত প্রবীর সিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।
ফরিদপুর জেলা কারাগার থেকে বের হয়ে প্রবীর সিকদার সাংবাদিকদের ‘ভি’ চিহ্ন দেখান। এসময় তিনি তার খবর পরিবেশন ও মুক্তির জন্য যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কারামুক্ত হয়ে তিনি ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে আলাপ করেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ অন্যন্য জিনিসপত্র সংগ্রহ শেষে কানাইপুরের বাড়িতে যান। সেখানে তার প্রতিষ্ঠিত বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তার সাথে স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজনসহ শুভাকাঙ্ক্ষিরা ছিলেন।
এর আগে বেলা সাড়ে এগারটার দিকে সাংবাদিক প্রবীর সিকদারকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে হাজির করা হয়। রিমান্ডে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষ হওয়ায় আর কোনো জিজ্ঞাসা না থাকায় পুলিশ আদালতকে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানায় ও প্রবীর সিকদারের পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ও তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম এ আবেদন মঞ্জুর করেন। ৫ হাজার টাকা বেলবন্ডের শর্তে তাকে জামিন দেয়া হয়।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডের অনলাইন পত্রিকা উত্তরাধীকার ৭১ এর কার্যালয় থেকে প্রবীর সিকদারকে আটক করে ডিবি পুলিশ। এরপর ভোরে তাকে ফরিদপুরের কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। পরদিন সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ফেসবুকে এলজিআরডি মন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় সংক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন এপিপি অ্যাডভোকেট স্বপন পাল।
মঙ্গলবার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ প্রবীর সিকদারকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালতে হাজির করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বুধবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ করে ফের আদালতে হাজির করেন। পরে প্রবীর সিকদারের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন মঞ্জুর করেন।