আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রাচীণ নগরী পালমিরার এক প্রত্নতত্ত্ববিদকে হত্যা করেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। হত্যার পর তারা তার লাশ ঐতিহাসিক স্থাপণার এক স্তম্ভে ঝুঁলিয়ে রেখেছে। সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
চলতি বছরের মে মাসে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা দখল করে নেওয়ার পর প্রত্নতত্ত্ববিদ খালেদ আসাদকে জিম্মি করেছিল আইএস। তিনি অর্ধ শতকেরও বেশি সময় ধরে পালমিরার রোমান যুগের স্থাপণায় কাজ করেছেন। পালমিরার প্রাচীন ধ্বংসাবশেষ বিষয়ক পুরাতত্ত্ব বিভাগের প্রধান ছিলেন তিনি।
তার পরিবারের বরাত দিয়ে সিরিয়ার প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মামুন আবদুল করিম মঙ্গলবার জানিয়েছেন, ৮২ বছরের খালেদ আসাদদের শিরশ্ছেদ করেছে আইএসের যোদ্ধারা। হত্যার পর তারা তার লাশ পালমিরার এক স্তম্ভে ঝুঁলিয়ে রেখেছে।
তিনি বলেন, ‘ভেবে দেখুন, এমন একজন বিশেষজ্ঞ যিনি এই স্থানটির বিষয়ে এবং ইতিহাস বিষয়ে এমন অবিস্মরণীয় অবদান রেখেছেন তারই শিরশ্ছেদ করা হল।’ পালমিরায় আইএস যোদ্ধাদের উপস্থিতিকে প্রত্যেকটি স্তম্ভ ও প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য একটি অভিশাপ ও অশুভ সংকেত হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
এর আগেও ইরাক ও সিরিয়ায় আরো বেশ কিছু প্রাচীন স্থাপণা ধ্বংস করেছিল এই গোষ্ঠীটি। তবে পালমিরায় তারা কি ধরণের ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অস্পষ্ট। ইউনেস্কো আইএসের পালমিরা ধ্বংসকে ‘মানবতার জন্য চরম ক্ষতি’ হিসেবে উল্লেখ করেছে।

