আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের এরাওয়ান মন্দিরে বোমা হামলাকারী সন্দেহভাজনকে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার মন্দিরের কাছের একটি সিসিটিভি ফুটেজে দেখা ওই সন্দেহভাজনকে চিহ্নিক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ব্যাংককের শিদলোম এলাকার একটি হিন্দু মন্দিরের কাছে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে ২২ জন নিহত হয়। এদের মধ্যে ৯ বিদেশি পর্যটকও রয়েছে। মন্দিরটি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হওয়ায় সেখানে বেশ লোকসমাগম হতো।
থাইল্যান্ডের জাতীয় পুলিশ প্রধান সমিয়ত পাম্পানমুয়াং জানিয়েছেন, ফুটেজে দেখা সন্দেহভাজন ব্যক্তি একটি হলুদ টি-শার্ট পরেছিলেন। তিনি থাই নাগরিক অথবা বিদেশিও হতে পারেন।
তিনি জানান, ওই ব্যক্তির পিঠে একটি ব্যাগ ছিল। প্রথম ফুটেজে ব্যাগটি দেখা গেছে। কিন্তু পরের আরেকটি ফুটেজে সেটি আর ছিল না।
পুলিশ প্রধান বলেন, ‘ ব্যাগ বহনকারী ওই ব্যক্তিকে বোমা বিস্ফোরণের সময় মন্দিরের পাশ দিয়ে চলে যেতে দেখা গেছে। তবে এর সঙ্গে হামলার কোনো যোগসুত্র আছে কিনা তা বের করতে হলে আমাদেরকে আগের ও পরের সিসিটিভি ফুটেজগুলো আরো ভালভাবে খতিয়ে দেখতে হবে।’
বোমা হামলার ঘটনার পর প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ওঁচাও বলেছিলেন, ‘থাইল্যান্ডে এর আগে এত ভয়াবহ বোমা হামলা আর হয়নি’।
থাই প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়িত ওংসুওয়ান সোমবার হামলার পরপর বলেছিলেন, দেশের পর্যটন ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতেই মন্দিরে আসা বিদেশিদের লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে ।

