আর্ন্তজাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় রোববার বিধ্বস্ত বিমানের ৫৪ আরোহীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। মঙ্গলবার তাদের মৃতদেহগুলো বিমানের ধ্বংসাবশেষের কাছে খুঁজে পাওয়া গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ফলে দুর্ঘটনায় ওই বিমানটির ৫৪ যাত্রীর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেল।
এ সম্পর্কে দেশটির পরিবহণ মন্ত্রণালয়ের মুখপাত্র জে.এ বারাতা এএফপিকে জানিয়েছেন, ‘বিমানের আরোহীদের কেউ বেঁচে নেই। ৫৪ জনের মৃতদেহই খুঁজে পাওয়া গেছে। এর আগে সোমবার পাপুয়া অঞ্চলের একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছিল। এটি তানগক পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, রোববার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ার রাজধানী জায়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় বেলা তিনটার দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে ট্রিগানা এয়ারলাইনসের এটিআর ৪২ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি একই প্রদেশের ওকসিবিলে যাচ্ছিল। ৪৪ জন প্রাপ্তবয়স্ক, পাঁচটি শিশু ও পাঁচজন ক্রু সদস্য নিয়ে উড্ডয়নের আধঘণ্টা পরই নিখোঁজ হয় বিমানটি।

