আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও তার রাজনৈতিক প্রতিপক্ষ রিক মাচার শেষ পর্যন্ত শান্তি চুক্তি করতে যাচ্ছেন। গতকাল সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় তাদের এ চুক্তিতে স্বাক্ষর করার কথা।
গত ৬ আগস্ট থেকে সালভা কির ও রিক মাচারের প্রতিনিধিরা আদ্দিস আববায় শান্তিচুক্তির ব্যাপারে আলোচনা চালিয়ে আসছেন। এর আগে যুক্তরাষ্ট্র দুপক্ষকেই শান্তিচুক্তি করার ব্যাপারে আহ্বান জানিয়েছিল। ১৭ আগস্টের মধ্যে দুপক্ষ কোন চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে দক্ষিণ সুদানের ওপর অবরোধ আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বিশ্বের মানচিত্রে জন্ম নেয়া সবচেয়ে নতুন এই দেশ দক্ষিণ সুদানে অভ্যুত্থান ঘটানোর অভিযোগে প্রেসিডেন্ট সালভা কির ২০১৩ সালে তার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারকে বরখাস্ত করেন। এরপরই মাচারের সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। প্রায় দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির লক্ষাধিক মানুষ নিহত হয়েছে আর পনেরো লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংঘাত নিরসনে এর আগে আফ্রিকান ইউনিয়নের নেতারা গত ফেব্রুয়ারিতে দুপক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন। তবে ওই সময় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও দেশটিতে শান্তি ফিরে আসেনি।
আঞ্চলিক ব্লকের মুখপাত্র হাইলি মাইকেল জানিয়েছেন, সোমবার কির ও মাচার ‘ সমঝোতা দলিলে’ স্বাক্ষর করবেন।

