আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এ অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তিধর দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক ইরান। তবে ওই অঞ্চলে প্রভাব খাটানোর কোনো ইচ্ছা নাই তাদের। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ ইবতেকার।
উগ্র দলগুলোকে দমন করতে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এ অঞ্চলে একটি বিশ্বাসযোগ্য সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার বিষয়েও আশা প্রকাশ করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। তবে দেশটি বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলো সবসময়ই এ অভিযোগ করে থাকে যে, তারা মধ্যপ্রাচ্যের এ অঞ্চলটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সিরিয়ার প্রেসিডেন্ট বশার আল আসাদ এবং লেবাননের শিয়াপন্থি হেজবুল্লাহ গোষ্ঠীকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া ইয়ামেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুতিদেরও নানা ভাবে সহায়তা করছে ইরান।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইবতেকার বলেছেন, ইরান তাদের স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছে যার পরিবর্তে দেশটির বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
তার ভাষায়,‘এর অর্থ হচ্ছে, বিশ্বে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের এক ভিন্ন মাত্রা চালু হতে যাচ্ছে যেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরান।’ তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান তার প্রভাব খাটাতে ইচ্ছুক। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপনের জন্য আগামীতে এই অঞ্চলের দেশগুলোতে সফরে যাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, এবারই প্রথম বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকার দিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইবতেকার। গত সপ্তাহে রাজধানী তেহরানে তার এ সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির এক প্রতিনিধি।

