আন্তর্জাতিক ডেস্ক : শত শত সিরীয় শরণার্থী গ্রিসের মূল ভূখণ্ডের দিকে যাত্রা করার জন্যে সারিতে দাঁড়িয়েছেন। বর্তমানে গ্রিস অধ্যুষিত কস দ্বীপে তারা অস্থায়ী শরণার্থী শিবিরে অবস্থান করছেন। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে গ্রিক সরকার শরণার্থীদের একাংশকে ভূখণ্ডে অবস্থানের বৈধতা দেবে বলে ধারণা করা হচ্ছে।
গ্রিক প্রশাসনিক ব্যক্তিদের অনেকেই এই যাত্রা যথাসাধ্য বিলম্বিত করার পেছনে কাজ করেছিলেন। কিন্তু তুরস্কের নিকটবর্তী অঞ্চল থেকে ডিঙি নৌকায় সাগর পাড়ি দিয়ে কস দ্বীপকে ‘ভারাক্রান্ত’ করে তুলছে সিরীয় শরণার্থীরা।
জানা যায়, শরণার্থীরা ২০টি পৃথক দলে বিভক্ত হয়েছে; কারা আগে যাবে তা নিয়ে কয়েক দফা বচসাও হয়ে গেছে। এ মুহূর্তে তৈরি হয়েছে যাত্রীবাহী জাহাজ এলেফথেরিওস ভেনিজেলোস। এ জাহাজ গত শুক্রবার কস দ্বীপে এসে পৌঁছেছে। এর কেবিনের ধারণক্ষমতা প্রায় ২৫০০ সিরীয়কে বহনের উপযুক্ত।
গত চার বছরব্যাপী গৃহযুদ্ধাবস্থায় সিরিয়া বাসযোগ্যতা হারিয়েছে, অর্থনীতি ধসে পড়েছে। দেশটির বাশার সরকার থেকেও কার্যত নেই, এমন অরাজক ও জীবননাশিনী পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চায় সিরিয়ার সাধারণ মানুষ। ইউরোপীয় ভূখণ্ডের শরণার্থী শিবিরে তাই উপচে পড়ছে সিরীয় মানুষ।

