নিজস্ব প্রতিবেদক : গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে জাতি স্মরণ করছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির পিতার প্রতি যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্য পরিবেশে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এবারের শোক দিবসে প্রধান দাবি উঠেছে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে বিচারের রায় কার্যকর করা।
আজ শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে সকাল থেকেই শোকার্ত লাখো জনতার ঢল নামে। শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ ও সরকারপ্রধান শেখ হাসিনা। সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতিকৃতিতে। পরে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়।
আওয়ামী লীগ ও এর সহযোগী, ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, নারী-পুরুষ, শিশু-কিশোর নির্বিশেষে সর্বরের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে আসেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার জনতার স্রোত এসে মিশতে থাকে ধানমন্ডির ৩২ নম্বরে। পুরো এলাকাজুড়ে লাখো জনতার ঢল নামে। একে একে সারিবদ্ধভাবে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এখানে জনতার মুখে মুখে দাবি ছিলো বঙ্গবন্ধুর পালাতক খুনিদের ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করা। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার দৃঢ় অঙ্গীকার। দুপুর ১২টা পর্যন্ত সেখানে জনতার শ্রদ্ধা নিবেদনের পালা চলে।
ধানমন্ডির ৩২ নম্বরের পাশাপাশি লাখ জনতার স্রোত ছুটে চলে বনানী কবরস্থানে। সেখানে বঙ্গবন্ধু পরিবারের অন্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে। সেখানে তিনি ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুর সমাধীতেও নামে জনতার ঢল।
এদিকে শোক দিবসে রাজধানীর পাড়া-মহল্লায় বাজছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ-এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম…….মুক্তির সংগ্রাম। বাজানো হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান-যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই……..বিশ্ব পেতো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জতির পিতা, শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে………।


